1. admin@bornomala71.com : admin :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ভাইয়ের অসুস্থতার খবর শুনে বোনের মৃত্যু কেশবপুরে বসতবাড়িতে গ্যাসবাহী ট্যাংকার অল্পের জন্য প্রাণে রক্ষা পেল ঘুমন্ত পরিবার কেশবপুরে দুই মন্দিরে চুরি জনগণের সম্পদ জনগণের জন্য উন্মুক্ত রাখতে হবে,অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর হতে হবে- এমপি আজিজুল বারী হেলাল হেরোইন মামলায় বেনাপোলের মহাসিনের যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানা জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী দিনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ গড়ভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সভাপতি হলেন মাস্টার মকবুল হোসেন মুকুল অভাব-অনটন আর প্রতিকূলতাকে জয় করে তিন মেধাবীর সাফল্য কেশবপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেশবপুরে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা

জনগণের সম্পদ জনগণের জন্য উন্মুক্ত রাখতে হবে,অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর হতে হবে- এমপি আজিজুল বারী হেলাল

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৫০ বার পঠিত

চিত্তসেন, খুলনা প্রতিনিধি: খুলনা-৪ আসনের সংসদ সদস্য, বিএনপির তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও পুষ্টি নিরাপত্তায় মৎস্য খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বাংলাদেশের বিপুল জনগোষ্ঠীর প্রাণিজ আমিষের চাহিদা পূরণে মাছ অন্যতম প্রধান উৎস। একই সঙ্গে মৎস্য খাতের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে লাখো মানুষ জড়িত। তাই মৎস্যসম্পদের টেকসই উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যজীবী ও মৎস্যচাষিদের জীবনমান উন্নয়নে সরকারকে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে। শুধু পুকুরে মাছ চাষ করলেই হবে না, দেশের নদী, খাল-বিল, হাওর-বাঁওড়সহ প্রাকৃতিক জলাশয়গুলোও মাছের প্রজনন ও বিচরণের উপযোগী রাখতে হবে। মৎস্যসম্পদ সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধিতে সরকারি উদ্যোগের পাশাপাশি মৎস্যচাষি, জেলে, কৃষক ও সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। অবৈধ ও ক্ষতিকর জাল ব্যবহার বন্ধ করতে হবে, প্রজনন মৌসুমে আইন মেনে চলতে হবে এবং জলাশয়ে বর্জ্য ও দূষিত পদার্থ ফেলে মাছের প্রজনন ক্ষেত্র নষ্ট করা থেকে বিরত থাকতে হবে।

তিনি বলেন, বিএনপি সরকার কৃষক, জেলে ও মৎস্যচাষিদের স্বার্থকে গুরুত্ব দিয়ে কাজ করবে। কৃষি ও মৎস্য খাতকে শক্তিশালী করতে উৎপাদনমুখী কৃষক ও মৎস্যচাষিদের সহজ শর্তে ঋণ, আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের সুযোগ বাড়ানো, উৎপাদন উপকরণ সহজলভ্য করা এবং উৎপাদিত মাছ ও কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে কৃষক ও মৎস্যচাষিরা যাতে তাদের উৎপাদিত পণ্যের প্রকৃত মূল্য পান, সে বিষয়েও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। মৎস্যচাষিদের উৎপাদন খরচ দিন দিন বাড়ছে। মাছের খাদ্য, পোনা, ওষুধ ও অন্যান্য উপকরণের মূল্য নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি চাষিদের আধুনিক ও বিজ্ঞানভিত্তিক মাছ চাষের বিষয়ে প্রশিক্ষণ দিতে হবে। রোগবালাই নিয়ন্ত্রণ, উন্নত জাতের পোনা উৎপাদন, নিরাপদ মাছ উৎপাদন এবং মাছ সংরক্ষণ ও বাজারজাতকরণ ব্যবস্থার উন্নয়ন করা গেলে দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি মৎস্য রপ্তানিও বাড়ানো সম্ভব। জেলেদের জীবনমান উন্নয়নে তাদের সামাজিক নিরাপত্তা, বিকল্প কর্মসংস্থান ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা জরুরি। প্রজনন মৌসুমে মাছ ধরা বন্ধ রাখার সময় প্রকৃত জেলেরা যেন কষ্টে না থাকেন, সেজন্য সরকারি সহায়তা যথাযথভাবে তাদের কাছে পৌঁছাতে হবে। একই সঙ্গে নিষিদ্ধ সময়ে মাছ ধরা, কারেন্ট জালসহ ক্ষতিকর জাল ব্যবহার এবং ছোট মাছ নিধন বন্ধে প্রশাসনকে কঠোর হতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে নদী-খাল ও বিলের দখল-দূষণ রোধে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।

তিনি আরও বলেন, জনগণের স্বার্থে মৎস্য জলাশয়গুলো অবৈধ দখলদারমুক্ত রাখতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী মৎস্য জলাশয় দখল করে মাছের প্রজনন ও উৎপাদন ব্যাহত করলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। জনস্বার্থের জলাশয় দখল করে রাখার দিন শেষ। অবিলম্বে অবৈধ দখল ছেড়ে দিতে হবে, অন্যথায় প্রশাসনের মাধ্যমে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নদী, খাল-বিল ও অন্যান্য উন্মুক্ত জলাশয় আমাদের মৎস্যসম্পদের গুরুত্বপূর্ণ আধার। এসব জলাশয় রক্ষা করা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি আমাদের সবার দায়িত্ব। মৎস্যজীবী ও সাধারণ মানুষের জীবন-জীবিকার সঙ্গে জড়িত এসব জলাশয় কোনোভাবেই ব্যক্তি বা গোষ্ঠীর দখলে থাকতে দেওয়া হবে না। জনগণের সম্পদ জনগণের জন্য উন্মুক্ত রাখতে প্রশাসনকে কঠোরভাবে দায়িত্ব পালন করতে হবে।

রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল সোমবার (১৭ আগস্ট) দিঘলিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে এবং জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন কমিটির আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা, মৎস্যচাষিদের সম্মাননা প্রদান ও পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ রেজাউদ্দিন। স্বাগত বক্তব্য দেন সিনিয়র মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খা বাবলি। বিশেষ অতিথির রাখেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, অধ্যক্ষ মনিরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মোল্যা সাইফুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক আব্দুর রকিবুল মল্লিক এবং জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, মৎস্য দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মৎস্যচাষি, জেলে, কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আয়োজিত র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় মৎস্যসম্পদ সংরক্ষণ, মাছের উৎপাদন বৃদ্ধি, নিরাপদ মাছ উৎপাদন এবং মৎস্যসম্পদ রক্ষায় জনসচেতনতা সৃষ্টির বিভিন্ন বার্তা তুলে ধরা হয়। পরে স্থানীয় জলাশয়ে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়। জলাশয়ে মাছের প্রজনন ও উৎপাদন বাড়ানো, দেশীয় প্রজাতির মাছের প্রাচুর্য বৃদ্ধি এবং স্থানীয় মৎস্যসম্পদ সমৃদ্ধ করার লক্ষ্যে এ কর্মসূচি নেওয়া হয়। অনুষ্ঠানে মৎস্যচাষিদের উৎপাদনে উৎসাহিত করতে তাদের সম্মাননা প্রদান করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৬ বর্ণমালা ৭১
Theme Customized By Shakil IT Park